ঝিনাইদহ সদর উপজেলার পূর্বাঞ্চল রক্তাক্ত জনপদ ও সন্ত্রাস কবলিত এলাকা নামে
খ্যাত গোয়ালপাড়া বাজারে আবারও অশ্লীল নগ্ন নৃত্য নিয়ে যাত্রাপালা শুরু
হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও এলাকার স্থানীয়
প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আজম মেম্বারের নেতৃত্বে গোয়ালপাড়া বাজারের
গরুহাটে যাত্রাপালা চালানো হচ্ছে। এলাকাবাসী জানায় প্রত্যেক বছর এভাবেই
অশ্লীল ও নগ্ন নৃত্য নিয়ে শুরু হয় যাত্রাপালা। সামাজিক যাত্রাপালার কথা
প্রচার করা হলেও সেখানে করা হয় অসামাজিক কার্যকলাপ। থানা পুলিশকে মোটা
অংকের উৎকোচ দিয়ে তাদের সামনেই এই নগ্ন নৃত্য চালানো হচ্ছে। এ যাত্রাকে
কেন্দ্র করে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি
পেয়েছে। এলাকায় আইন শৃংখ্যলার চরম অবনতি ঘটেছে। স্কুল-কলেজগামী
ছাত্র-ছাত্রীরা এ যাত্রার খবরে বিপথগামী হচ্ছে। প্রতিনিয়ত যাত্রার মাইকিং
করায় এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। তবুও আজম মেম্বারের ভয়ে এলাকার কোন মানুষ
মুখ খুলতে সাহস পাচ্ছে না। অভিযোগ রয়েছে যাত্রা মঞ্চস্থ করার এক মাস আগেই
আনা হয়েছে যাত্রায় অভিনয় করা কলাকৌশলীদের। এর মধ্যেই রয়েছে প্রাপ্ত বয়স্ক
৮/১০ জন সুন্দরী নারী। আর এ নারীদের বিভিন্নভাবে ব্যবহার করছেন আজম মেম্বার
ও তার লোকেরা। এ ব্যাপারে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরি জানান,
সামাজিক যাত্রাপালার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে কোন অশ্লীল নগ্ন নৃত্যের
অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও জানান সেখানে নগ্ন নৃত্য হচ্ছে শুনেছি,
প্রয়োজনবোধে তা বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসী অবিলম্বে এই অসামাজিক
যাত্রাপালা বন্ধের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। ssk
