সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

৯৭ ভাগ সাংসদ নেতিবাচক কাজে জড়িত: টিআইবি

মহেশপুরনিউজ২৪:: নবম জাতীয় সংসদের ৯৭ ভাগ সংসদ সদস্য বিভিন্ন নেতিবাচক কার্যক্রমের সঙ্গে জড়িত দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। তবে কেউ কেউ কিছু ইতিবাচক কাজও করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

গত চার বছরে নবম জাতীয় সংসদের সংসদ সদস্যদের কার্যক্রমের ওপর টিআইবি প্রকাশিত একটি খসড়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার বেলা ১১টায় রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে নবম জাতীয় সংসদের সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা পর্যালোচনা শীর্ষক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) শাহাজাদা এম আকরাম।  এ সময় উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান এবং ট্রাস্টি হাফিজ উদ্দিন খান।

প্রতিবেদনে দেখা গেছে, নেতিবাচক কার্যক্রমের সঙ্গে জড়িতদের মধ্যে সরাসরি নির্বাচনে জয়ী নারী সদস্য ৭ জন, ২৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সবাই এবং বিরোধী দলের ৫ সংসদ সদস্য রয়েছেন।

মোট ১৪৯টি আসনের সাংসদদের কার্যক্রমের ওপর টিআইবি এ গবেষণা চালায়। ওই ১৪৯ আসনের এসব সংসদ সদস্যের মধ্যে ১৪১ জন পুরুষ ও ৮ জন নারী। এদের মধ্যে সরকার দলীয় সংসদ সদস্য ১৩৬ জন ও বিরোধী দলের ১৩ জন।