লোকালয় থেকে ২টি ছাগল ধরে বাঘটি বনে ফিরে
গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলার
গোলাখালী গ্রামে। গোলাখালী গ্রামের জামিরুল ইসলাম জানান, সুন্দরবনের একটি
ক্ষুধার্ত বাঘ গতকাল বৃহস্পতিবার সুন্দরবন লাগোয়া গোলাখালী গ্রামের
জুলফিক্কার আলীর চিংড়ি ঘেরের বেড়িবাঁধে
অবস্থান নেয়। এ সময় ৩ ঘন্টা অবস্থানের এক
পর্যায়ে বাঘটি বেড়িবাঁধের ওপর থেকে একই গ্রামের সুবোল মিস্ত্রীর ২টি ছাগল
মেরে একটি ধরে নিয়ে বনে ফিরে যায়। এ ঘটনার পর থেকে গোলাখালী, টেংরাখালী,
যতীন্দ্রনগরসহ সুন্দরবন সংলগ্ন ১০ গ্রামে বাঘ আতংক বিরাজ করছে। লোকালয়ে বাঘ
প্রবেশের কথা শুনে বনবিভাগ, টাইগার রেসপন্স টীম সেখানে উপস্থিত হয়। এছাড়া
এলাকার মসজিদে মাইকিংয়ের মাধ্যমে গ্রামবাসীদের সতর্ক থাকার আহবান জানানো
হয়। এ নিয়ে গোলাখালী এলাকায় গত ৩ মাসে ১৪/১৫ বার সুন্দরবনের ক্ষুধার্ত বাঘ
খাদ্য না পেয়ে লোকালয়ে প্রবেশ করে। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল
ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাঘটি না খেতে পেয়ে খাদ্যের সন্ধানে
বার বার লোকালয়ে আসছে। ধারণা করা হচ্ছে বাঘটি অসুস্থ হয়ে পড়েছে। তবে বন
বিভাগ সব সময় তৎপর আছে। .::ডেইলিপ্রবাহ*