শনিবার, ২৭ জুন, ২০১৫

ঝিনাইদহে পৌর কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা বাস ষ্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। হানিফ মিয়া পৌর এলাকার ব্যাপারী পাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।


দলীয় সুত্র জানায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙা  বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কৃষকলীগের অফিস থেকে বাড়ি ফিরছিলেন হানিফ।

পথে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ মহিলা হোস্টেলের সামনে পৌছালে মুখোশধারী ৫/৭ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলাপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার তীব্র নিন্দাসহ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

তিনি জানান, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।