শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

মিয়ানমারের প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ


রোহিঙ্গ‍া শরণার্থীদের নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার প্রেসিডেন্ট থেন সেইন বলেন, “রোহিঙ্গাদের জাতিসংঘ পরিচালিত শরণার্থী ক্যাম্পে পাঠানোই ‘একমাত্র সমাধান’। তাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের দায়িত্ব জাতিসংঘকেই পালন করতে হবে।”
বুধবার মিয়ানমারের প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, তারা আরাকানের রোহিঙ্গা সংখ্যালঘুদের দায় দায়িত্ব জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) ওপর ছেড়ে দিয়েছে। রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের লক্ষে জাতিসংঘের যে কোনো উদ্যোগকে মিয়ানমার সরকার আন্তরিকভাবে সহায়তা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 

এদিকে মিয়ানমারের প্রেসিডেন্টের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউএনএইচসিআর এর প্রধান অ্যান্তোনিও গুতেরেস জানান, তৃতীয় দেশে শরণার্থীদের পুনর্বাসন করা সংক্রান্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মসূচির প্রেক্ষাপটের সঙ্গে আরাকানের রোহিঙ্গা সমস্যার কোনো সম্পর্ক নেই।

বুধবার মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেইনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “ইউএনএইচসিআর পরিচালিত শরণার্থীদের তৃতীয় দেশে পুনর্বাসনের কর্মসূচি শুধুমাত্র বিশেষ পরিস্থিতি সাপেক্ষে বাস্তবায়ন করা হয়। এর সঙ্গে মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।”
পুর্তগালের সাবেক এই কূটনীতিক আরো জানান, মিয়ানমারের সাম্প্রতিক সংঘাতের সময় ত্রাণ ও সহায়তা কার্যক্রমের ক্ষেত্রে আরাকানের মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে কোনো বৈষম্য করেনি ইউএনএইচসিআর।
মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ৯১ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। তাদের আশ্রয়ের জন্য ৮২টি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে বলেও উল্লেখ করা হয়। 
বাংলানিউজটোয়েন্টিফোর