সোমবার, ২৩ জুলাই, ২০১২

ঝিনাইদহে মা ও ছেলের এক সাথে এইচএসসি পাশ

মা নাসরিন সুলতানা ও ছেলে সোহেল রানা ২০১২ সালে একই সাথে এইচএসসি পরীক্ষা দিয়ে একই সাথে পাশ করেছে। কারিগরি শিক্ষাবোর্ডের অধীন বিএম শাখায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ থেকে তারা পাশ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
নাসরিন সুলতানা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল তার। বখাটেদের অত্যাচারে অভিভাবকরা পড়াশোনা বন্ধ করে ১০ম শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৯২ সালে তাকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের জামির হোসেনের সাথে বিয়ে দিয়ে দেন। বিয়ে হলেও সংসারের কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যাবার ইচ্ছা ছিল তার। বিয়ের পর ২ বছরে দুটি ছেলের মা হন তিনি।  ছেলেদের পড়াশোনা করাতে গিয়ে আবার পড়াশোনা করার ইচ্ছা জাগে। এ প্রেক্ষিতে ২০০৮ সালে আবার ভর্তি হন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি কোর্সে। ২০১০ সালে নাসরিন এসএসি পাশ করেন। একই সাথে তার বড় ছেলে সোহেল রানাও সেই সময় কারিগরি বোর্ড থেকে এসএসসি পাশ করেন। এরপর মা নাসরিন সুলতানা ও ছেলে সোহেল রানা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভর্তি কারিগরি শিক্ষাবোর্ডের অধীন মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে বিএম শাখায় ভর্তি হন। ছেলে-স্বামীর সহযোগীতায় নিয়মিত কলেজে, প্রাইভেট টিউটরের কাছে যেতেন তিনি। অনেক  সময় ছেলের সাইকেলে চেপে কলেজে গিয়েছেন। ২০১২ সালে মা ও ছেলে একই সাথে এইচএসসি পরীক্ষা দিয়ে ছেলে সোহেল রানার প্রাপ্ত গ্রেড ৪.৫৪ ও মা নাসরিন সুলতানার প্রাপ্ত গ্রেড  ৪.৩১ পেয়ে পাশ করেন।
bijoynews