সোমবার, ৬ আগস্ট, ২০১২

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত জাহিদুল ইসলাম লাল্টু (৩৮) মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

গুলিবিদ্ধ শাহিনুর রহমান শাহিনের (২৯) বাড়ি যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে।
মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার ভোর ৫টার দিকে জাহিদুল ও তার সহযোগী শাহিনুর গরু আনতে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের রণঘাট ও জিতপুরের বিএসএফ সদস্যরা প্রথমে তাদের লক্ষ করে ২টি বোমা নিক্ষেপ করে। এতে তারা প্রথমে পালিয়ে ভারতের কাশীপুর ব্রিজের নিচে অবস্থান নেন। পরে ওই সীমান্ত দিয়ে দ্রুত দেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়লে জাহিদুল ও শাহিনুর গুলিবিদ্ধ হন।

চেয়ারম্যান আজিজ আরও জানান, এ সময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জাহিদুল ও শাহিনকে উদ্ধার করে এ দেশের যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সকাল ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল মারা যান। শাহিনুরের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।
বিজিবি যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ জুলুলী সীমান্তে এক বাংলাদেশি নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।ssk