ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও
ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে
পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে দুদকের মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান
হারুন-অর-রশিদ বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন
করেন। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে তিনি হাজির হয়ে আইনজীবীর
মাধ্যমে এ আবেদন করেন।
অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় তিনি আত্মসমর্পণ করেছেন।
গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় হারুন-অর-রশিদ, রফিকুল আমীনসহ
ডেসটিনি গ্রুপের শীর্ষস্থানীয় ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ
আইনে দুটি মামলা করে দুদক। মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোট তিন হাজার
২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগে তাদের
বিরুদ্ধে এই মামলা করা হয়।
মামলা করার এক সপ্তাহের মাথায় গত ৬ আগস্ট রফিকুল আমীনসহ পাঁচ পরিচালককে
জামিন দেন সিএমএম আদালত। পরে বাকি ১৭ জনেরও জামিন হয়। কিন্তু সরকারপক্ষ এর
বিরুদ্ধে আপিল করলে ২২ আগস্ট জামিন আদেশ স্থগিত হয়ে যায়। গত ২৭ সেপ্টেম্বর
চূড়ান্ত শুনানি শেষে জামিন বাতিল হয়ে যায়। ::.বিডিটোয়েন্টিফোরলাইভ*
