রবিবার, ৭ অক্টোবর, ২০১২

কালীগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যা: আটক-১

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলায় আরাফাত হোসেন সাইফ (৮) নামে এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যা করেছে শাকিল নামে এক দুর্বৃত্ত। শাকিলকে আটক করেছে পুলিশ এবং সাইফকে হত্যার কথা স্বীকার করেছে সে। সাইফ কালীগঞ্জ শহরের থানাপাড়ার নুর হোসেন লোটাসের ছেলে ও কালীগঞ্জ শিশু একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্র এবং আটককৃত শাকিল কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মোবাশ্বের আলীর ছেলে। স্কুলছাত্র সাইফের বাবার ওপর ক্ষুব্ধ হয়ে তাকে অপহরণের পর গলা টিপে হত্যার পর লাশ আখ ক্ষেতে লুকিয়ে রাখা হয় বলে পুলিশকে জানিয়েছেন শাকিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, শাকিল এক সময় নিহত সাইফের বাবার দোকানের কর্মচারী ছিল। সম্প্রতি তাকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ দিলে ক্ষুব্ধ হয় সে।
রোববার দুপুরে স্কুল ছুটির পর সাইফকে ফুসলিয়ে নিয়ে যান ঘাতক শাকিল। এরপর কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জামতলা এলাকায় একটি আখ ক্ষেতের মধ্যে তাকে গলাটিপে হত্যা করে। সাইফের স্কুল থেকে ফিরতে দেরী হলে খোজাখুজি শুরু করে তার পরিবার। পরে তাকে না পেয়ে দোকানের সাবেক কর্মচারী শাকিলকে সন্দেহ জনক ভাবে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এরপর শাকিল পুলিশি জিজ্ঞাসাবাদে স্কুলছাত্র সাইফকে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে রোববার দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের একটি আখ ক্ষেত থেকে সাইফের লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ::. খুলনানিউজ*