মহেশপুরনিউজ২৪:: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা
আব্দুল বারীকে গ্রেফতার করেছে পুলিশ। নারী নির্যাতন ও প্রতারণা মামলায়
শুক্রবার সকাল ৯টার দিকে শ্যামনগরের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এদিকে, উপজেলা চেয়ারম্যান, জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল বারীর
বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে
শনিবার শ্যামনগরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা জামায়াত।
হরতালের সমর্থনে শুক্রবার বিকেল ৪টার দিকে শ্যামনগর উপজেলা সদরসহ শ্যামনগরের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করে।
শ্যামনগর
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জলিল জানান, রাজনৈতিক উদ্দেশে
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এ
ঘটনার প্রতিবাদে জামায়াতের উদ্যোগে শ্যামনগরে অর্ধদিবস হরতাল আহ্বান করা
হয়েছে।
এ
বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর আলী জানান,
শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের রাশেদাতুল কোবরার দায়ের করা একটি মামলায়
শুক্রবার সকাল ৯টার দিকে মাওলানা আব্দুল বারীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা
হয়। গ্রেফতারের পর পরই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
