শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। ১৯৭১ সালের এই দিনে যশোরের শার্শা উপজেলার গুলবাগে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। মুক্তিযুদ্ধে আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ল্যান্স নায়েক নূর মোহাম্মদকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নূর মোহাম্মদের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, সশস্ত্র সালাম প্রদান, কোরআনখানি, সমাবেশ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ।
বীরশ্রেষ্ঠর স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা প্রথম আলোকে বলেন, যুদ্ধ শুরুর প্রাক্কালে রমজান মাসের এক গভীর রাতে নূর মোহাম্মদ বাড়ি আসেন। সবার জন্য নতুন জামাকাপড় এনেছিলেন। ওই রাতটুকু থেকেই তিনি চলে যান। যাওয়ার আগে বলেছিলেন, ‘দেশ স্বাধীন করে তোমাদের কাছে ফিরে আসব।’ বেগম ফজিলাতুন নেছা বলেন, একসময় যুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো। কিন্তু তিনি আর ফিরে এলেন না। 
স্বাধীনতার বেশ কিছুদিন পর যশোরের বিজিবি (সাবেক বিডিআর) কার্যালয়ের মাধ্যমে নূর মোহাম্মদের শহীদ হওয়ার খবর জানতে পারে তাঁর পরিবার।