শনিবার, ২১ জুলাই, ২০১২

ঈদের পরে এ সরকারকে টেনে-হিঁচড়ে নামানো হবে: ফখরুল

ঈদের পরে হরতাল-অবরোধের মাধ্যমে এ সরকারকে টেনে-হিঁচড়ে নামানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “এ সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাই সরকারকে সরাতে হবে। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন না দিলে ঈদের পরে এ সরকারকে টেনে-হিঁচড়ে নামানো হবে।”
শুক্রবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক সভায় বলেছেন, দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জবাবে ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আগামী নির্বাচন যদি নির্দলীয় সরকারের মাধ্যমে হয়, তাহলে আওয়ামী লীগের কোনো প্রার্থীর জামানত থাকবে না। এ ভয়েই প্রধানমন্ত্রী আবোল-তাবোল বকছেন।

‘‘আপনাদের সে স্বপ্ন এদেশের গণতন্ত্রমনা মানুষ কখনোই পূরণ হতে দেবে না’’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘‘ভোটের ও ভাতের অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যে আন্দোলন চলছে, সে আন্দোলন ঈদের পর আরো দুর্বারগতিতে শুরু হবে। খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ সে আন্দোলন সফল করবে এবং দেশে আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।’’ gramerkagoj