শনিবার, ২১ জুলাই, ২০১২

ছাত্রলীগ-ছাত্রদলে কোনো পার্থক্য নেই: মান্না

আওয়ামী লীগ নেতা ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন-পদ্মাসেতু নিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পেটাতে। আবার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ছাত্রলীগের এক অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের বলেছেন, পদ্মাসেতুর জন্য টাকা তুলতে। তাই সবার আগে তো সাজেদা চৌধুরীকেই পেটানো উচিৎ।’
শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর বিজয়নগরে শাহী জাফরান চায়নিজ রেস্টুরেন্টে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত দেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, “দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে আসলে আদর্শগত কোনো পার্থক্য নেই। এই দু’টি সংগঠনই ছাত্রদের সকল ভালো কাজে বাধার দেয়াল তৈরি করে রেখেছে। ভয়ের প্রাচীর তৈরি করে রেখেছে।”
স্বাধীনতার পর একশ’রও বেশি ছাত্র নিহত হয়েছেন। যার একটিরও সুষ্ঠ‍ু বিচার এখনো হয়নি বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।

ডাকসু বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিল উল্লেখ করে মান্না বলেন, “২২ বছর ধরে ডাকসুর নির্বাচন হচ্ছে না, তাহলে শিক্ষার্থীরা গণতন্ত্র শিখবে কোথা থেকে। ডাকসুর নির্বাচন হলে রাজনীতিতে ব্যক্তি কিংবা পরিবারতন্ত্রের প্রভাব পড়তো না। শিক্ষার্থীরা গণতন্ত্রের চর্চা করতে পারতো।”
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনায় মাহমুদুর রহমান মান্নার প্রতিষ্ঠিত নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ajkerkagoj