শনিবার, ১৪ জুলাই, ২০১২

পদ্মাসেতুর নামে নির্বাচনী ফান্ড তৈরি করছে সরকার: মির্জা ফখরুল

তিনি বলেছেন, “সরকার তার শেষ সময়ে বড় বড় প্রকল্প থেকে অর্থ না পেয়ে জনগণের পকেট কাটা শুরু করেছে। এ টাকা আগামী নির্বাচনের কাজে লাগানো হবে।”

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, “দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে ঋণচুক্তি বাতিল করেছে। এখন সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের জন্য চাঁদাবাজি, চুরি ও ধান্দা করার পাঁয়তারা করছে।”

তিনি অভিযোগ করেন, বড় বড় প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যাচ্ছে। সামনে নির্বাচন, তাই নির্বাচনী ব্যয় মেটানোর জন্য সরকার জনগণের পকেট কাটার ব্যবস্থা করছে।
মির্জা ফখরুল বলেন, “নিজেদের দুর্নীতি আড়াল করতে কাণ্ডজ্ঞানসম্পন্ন সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রিসভায় আবোল-তাবোল বলতে শুরু করেছেন। তিনি বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের জন্য বিএনপির দুর্নীতিকে দায়ী করছেন। এর বিচারের দায় জনগণের ওপর দিলাম, জনগণ বিচার করবে।”
ফখরুল আরও অভিযোগ করেন, “ব্যবসায়ীরা বলছে- সরকারি লোকদের প্রত্যক্ষ মদদে সিন্ডিকেট করা হচ্ছে। এজন্য নিত্যপণ্য চাল, ডাল, তেলসহ সবকিছুর দাম বাড়ছে।”

রমজান সামনে রেখে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 
  ফখরুল বলেন, “এই ব্যর্থ সরকারকে আর সময় দেওয়া যায় না। তারা পুরো দেশ অচল করে দিয়েছে। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।”
ঢাকা-১৮ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেনসহ আটক সব নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়। পরে জাহাঙ্গীরের বড় মেয়ে জাইমা হাসানকে জুস পান করিয়ে অনশন ভাঙান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।
পদ্মাসেতু নির্মাণের নামে টাকা উঠিয়ে আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনের ফান্ড তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।