রবিবার, ২৯ জুলাই, ২০১২

বৃষ্টির অভাবে পাট নিয়ে বিপাকে কোটচাঁদপুরের কৃষকরা

প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলর কৃষকরা পাট জাগ দেয়া নিয়ে চরম বিপাকে পড়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে জানা যায়, চলতি মৌসুমে কোটচাঁদপুর উপজেলায় ৬শ’ ৯০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এখন পাট কাটার সময়। কৃষকরা অনেকেই ইতোমধ্যে পাট কেটেছে। কিন্তু ভরা বর্ষণ মৌসুমেও এ উপজেলায় প্রয়োজনীয় বৃষ্টিপাত এখনো হয়নি। পুকুর, খাল, বিল ও ডোবা-নালা সব শুকিয়ে থাকায় কৃষকরা পাট জাগ দেয়ার মত কোন জায়গা পাচ্ছে না। ফলে, তারা পড়েছে চরম বিপাকে। দেশের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেলেও যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত তেমন কোন বৃষ্টিপাত হয়নি। পানি না পেয়ে পাট কেটে ক্ষেতেই ফেলে রেখেছে কৃষকরা। ফলে, রোদে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে কাটা পাট। বৃষ্টির আশায় তারা পাট কাটলেও পরবর্তীতে বৃষ্টির অভাবে ক্ষেতেই পাট শুকিয়ে নষ্ট হচ্ছে। ভ্যান, নসিমন ও গরুর গাড়িসহ বিভিন্ন যানবাহন যোগে কাচা পাট নিয়ে ছুটছে পানির খোঁজে। অনেকে আবার পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে বাধ্য হচ্ছে। এতে পাট চাষে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। পাটের দাম ভাল হলেও সময়মত আঁশ ছাড়াতে না পারায় বাজার হারাচ্ছে কৃষক। লক্ষ্যমাত্রার চেয়ে এবার পাটের আবাদ কম হলেও সময়মত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন ভাল হয়নি। পাট গাছের সাইজ হয়েছে ছোট তদুপরি জাগ উৎপাদন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছে কৃষক। jessorenews24