শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

হরিণাকুণ্ডুতে দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভালকী পায়রাডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (১৮) নামে বাস হেলপার নিহত হয়েছেন।
তিনি হরিণাকুণ্ডু উপজেলার শিতলী গ্রামের মৃত ইলিয়াস হোসেনের ছেলে। দুর্ঘটনায় কলেজের ছাত্রছাত্রীসহ ২০ বাসযাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে স্থানীয় হাজী আরশাদ আলী কলেজের ছাত্র লিটন, রমজান আলী, জাফিরুল ইসলাম, শুভ, আয়েশা খাতুন, সীমা রাণী, মনোয়ারা, নাছিমান, শরিফুল ইসলাম, রিপা খাতুন ও কোমলসহ ১৫ জনকে হরিণাকুণ্ডু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের পায়রাডাঙ্গা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, সংঘর্ষে পর তাজ এন্টারপ্রাইজের (ময়মনসিংহ-ব-৩১৪) যাত্রীবাহী বাসটি গভীর খাদে ছিটকে পড়লে হেলপার হাফিজুর ঘটনাস্থলেই মারা যান। অন্যরা আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
বাংলানিউজটোয়েন্টিফোর