বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

বুয়েটের ৫ ডিনসহ ২৪ শিক্ষকের পদত্যাগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি নজরুল ইসলাম ও প্রো-ভিসি অধ্যাপক এম হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সংহতি প্রকাশ করে বুয়েটের ৫ ডিনসহ ২৪ শিক্ষক পদত্যাগ করেছেন। গতকাল বুধবার বিকেলে বুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাঁচ ডিন, তিন পরিচালক, বিভাগীয় প্রধানসহ মোট ২৪ জন পদত্যাগ করেছেন।
বাকিরাও পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বৈঠকে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতিদিন সকাল ৯টা থেকে অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়। এরপর সকাল ১১টা ৫০ মিনিটে পুরকৌশল বিভাগের সামনে থেকে একটি মৌন মিছিল বের করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ে কাউন্সিল ভবনের সামনে সমাবেশ করে লাগাতার অবস্থান ধর্মঘট ঘোষণা করেন শিক্ষক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান। সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও দাবি জানানো হয়। আন্দোলনের মধ্যে মঙ্গলবার আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করেন উপাচার্য এস এম নজরুল ইসলাম। অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহরাব আক্তার সাংবাদিকদের বলেন, আমরা অতো কিছু বুঝি না। আমরা চাই, একটি সুষ্ঠু ব্যবস্থা চালু থাকুক, যাতে আমাদের সেশনজটে পড়তে না হয়। উপাচার্য নজরুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে শিক্ষকদের লাগাতার আন্দোলনের মুখে বুয়েট কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে রোজা ও ঈদের আগাম ছুটি ঘোষণা করে।
এই দাবিতে আগামী ১৪ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা ছিল শিক্ষক সমিতির। তার আগেই এ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১১ অগাস্ট এই ছুটি শুরুর কথা থাকলেও মঙ্গলবার জানানো হয়, ১১ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রেজা ও ঈদের ছুটি চলবে। ছুটি ঘোষণার পর রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।
karatoa