বুধবার, ১৮ জুলাই, ২০১২

নাবালকের মতো দেশ চালাচ্ছে সরকার : ফকরুল

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার নামে ‘চাঁদাবাজি’ শুরু হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেতু নির্মাণের কোনো ডিজাইন নেই, কারা করবে, কত টাকা দরকার হবে, এসব ঠিক করা হয়নি। অথচ চাঁদা তোলা শুরু হয়ে গেছে। দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চাঁদাবাজি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের একজন নিহত হয়েছে।’
মির্জা ফখরুল আবারও অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী তহবিল সংগ্রহ করার জন্যই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার কথা বলছে। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য টাকা দরকার। বড় প্রকল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন টাকা আসবে কোত্থেকে? সে জন্য সরকার জনগণের পকেট কেটে টাকা নেওয়ার ফন্দিফিকির শুরু করেছে।’
সরকার নাবালক শিশুর মতো দেশ পরিচালনা করছে—মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে কোনো সরকার নেই। সরকার থাকলে পদ্মা সেতুর মতো ঘটনা ঘটতে পারে না। দুর্নীতির কারণে পদ্মা সেতুর চুক্তি বাতিলের পর সরকার যেসব কথা বলছে, তাতে আরও প্রমাণিত হচ্ছে, এ সরকার অপদার্থ ও অযোগ্য।
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে ফখরুল বলেন, বিদ্যুত্ ক্ষেত্রে তুঘলকি কারবারের চেয়েও ভয়াবহ অবস্থা ধারণ করেছে। gramerkagoj