মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

শাওনকে মমতা ব্যানার্জির চিঠি, ঢাকায় আসছেন সমরেশ মজুমদার

কথা সাহিত্যিক হুমায়ূন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সাহিত্যিকের স্ত্রী মেহের আফরোজ শাওনকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।সোমবার সন্ধ্যায় কলকাতাস্থ রাজ্য সরকারের সচিবালয় (মহাকরণ) থেকে মুখবন্ধ খামে দ্রুত ডাকে এই চিঠি পাঠান তিনি।
প্রাপক মেহের অফরোজ শাওন, নূহাশপল্লি, ঢাকা- এই ঠিকানায় চিঠি যাচ্ছে। চিঠিতে হুমায়ূন আহমদের মৃত্যু দুই বাংলার সাহিত্যচর্চায় বড় ক্ষতি বলে উল্লেখ করা হয়েছে।
মমতা চিঠিতে লিখেছেন, “হুমুয়ান আহমদে প্রখ্যাত নাট্যকার, কবি এবং সাহিত্যিক হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। দুই বাংলার সাহিত্যিকদের মধ্যে সেতু বন্ধনের কাজ করেছেন এই কথা সাহিত্যিক। তার এই অকাল মৃত্যু দুই দেশের জন্যই বড় ক্ষতি।”
মমতা আরো লিখেছেন, “আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আপনাকে এই শোক সইবার শক্তি দেন। আমি প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমদের আত্মার শান্তি কামনা করছি’।
এদিকে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যয় ঢাকায় গিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে চান না। কারণ প্রাণহীন হুমায়ূনকে দেখলে তিনি ঠিক থাকতে পারবেন না। তাই বিবেকের সঙ্গে যুদ্ধ করেই কলকাতায় দাফনের দিন স্মরণ করার কথা জানিয়েছেন সুনীল।
তবে আরেক প্রখ্যাত লেখক সমরেশ মজুমদার মঙ্গলবার সকালে বিমানে ঢাকা যাচ্ছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে মঙ্গলবার বিকেলে কলকাতার বাংলাদেশ কনস্যুলেট’র কথাসাহিত্যিকের স্মরণে এক বিশেষ শোকসভার আয়োজনে যোগ দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্কর এবং সুনীল গঙ্গোপাধ্যায়। কোনো বিশেষ কারণে ঢাকা না যেতে পারলেও অবশ্য ওই অনুষ্ঠানে যোগ দেবেন লেখক সমরেশ মজুমদার। khulnanews