রবিবার, ২১ অক্টোবর, ২০১২

ঝিনাইদহে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান

মহেশপুরনিউজ২৪ :: 
শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে ঝিনাইদহে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাইকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে শহরের হামদহ কালীমন্দির প্রাঙ্গনে শহরের ১৯টি মন্দিরের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়।
পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খাজা আবদুল হান্নান, পুলিশ সুপার পঙ্কজ ভট্টাচার্য্য, জেলা পরিষদ প্রশাসক আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্কাচ আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেডএম রশিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আজিজুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই বলেন, বিশ্ব অঙ্গনে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে জাতীয় উন্নয়নে সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ধর্মীয় অনুষ্ঠানাদি দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো সংহত করবে- এটাই সকলের প্রত্যাশা। পরে সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস প্রতিমন্ত্রী আবদুল হাইয়ের হাতে ক্রেষ্ট তুলে দেন।  ::.শেষের খবর*