মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

অবশেষে মন্ত্রী ১৫ অক্টোবর যশোরে আসছেন

মহেশপুরনিউজ২৪:: বহুল প্রত্যাশিত মন্ত্রী হওয়ার এক মাস পর পতাকা উড়িয়ে নিজ জেলায় ফিরছেন মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি। ১৫ অক্টোবর সকালে তিনি ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে চড়ে যশোরে এসে পৌঁছাবেন। এদিন সকালেই যশোর জেলা আওয়ামী লীগ বিমান বন্দরে তাকে সংবর্ধনা দেবে।
৫ দিনের সফর শেষে ২০ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি ঢাকায় ফিরে যাবেন।

এ প্রসঙ্গে যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শপথ নেওয়ার একমাস পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ যশোরে এবং তার নির্বাচনী এলাকা ঝিকরগাছা ও চৌগাছায় আসছেন।

১৫ অক্টোবর সকালে তিনি যশোর বিমান বন্দরে অবতরণের পর জেলা আওয়ামী লীগ তাঁকে সংবর্ধনা দেবে। এরপর তিনি শহরের বকুলতলায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
পরদিন ১৬ অক্টোবর ঝিকরগাছার বিএম হাইস্কুল মাঠে স্থানীয় নাগরিক কমিটি তাঁকে সংবর্ধনা দেবে বলে জানান মনিরুল ইসলাম।

সূত্র জানায়, মন্ত্রিপরিষদের সর্বশেষ ঘটনাবহুল পরিবর্তন ঘটে গত ১৩ সেপ্টেম্বর। সেদিন আওয়ামী লীগ উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন শপথ না নেওয়ায় অনেকটা আকস্মিকভাবেই কেবিনেট সচিবের ডাক পান যশোর-২ আসনের (ঝিকরগাছা-চৌগাছা) এমপি মোস্তফা ফারুক মোহাম্মদ এবং দিনাজপুর-৪ আসনের এমপি এএইচ মাহমুদ আলী।
শপথ নেওয়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নতুন ৭ মন্ত্রীর ৬ জনই নিজ জেলায় গেছেন এবং নিজ দলের নেতাকর্মীরা বিপুল সংবর্ধনায় তাদের বরণ করে নিয়েছেন। ::.যশোরনিউজটোয়েন্টিফোর*