শনিবার, ৬ অক্টোবর, ২০১২

হরিণাকুণ্ডুতে সন্ত্রাসীদের বোমা হামলায় কৃষকদল নেতা নিহত, আহত ২

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সন্ত্রাসীদের বোমা হামলায় কৃষকদলের নেতা গোলজার হোসেন (৪২) নিহত হয়েছেন।  এঘনায় আরও দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন, উপজেলার তাহেরহুদা গ্রামের শুকুর আলী ও তার ছেলে বকুল হোসেন। তাদের হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে তাহেরহুদা ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি গোলজার হোসেন সঙ্গিসহ তাহেরহুদা স্কুলমাঠে জনৈক হাসেন আলীর চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ করে চায়ের দোকান বোমা হামলা চালায়। এতে গোলজার হোসেন মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কুপিয়ে চলে যায়। এসময় গোলজার হোসেনের দুই হাত উড়ে এবং ভুড়ি বেরিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গোলজার হোসেনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।পরে তার আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় হরিণাকুণ্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বাংলানিউজকে জানান, হামলার কারণ এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা হলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা হবে।
এদিকে, কৃষকদল নেতার উপর বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মো. মসিউর রহমান। ::.বাংলানিউজটোয়েন্টিফোর*