মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহে চাঁদাবাজিকালে দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি আরিফুল আবেদীন
টিটোকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার রাতে শহরের এইচএসএস
সড়কে আজাদ রেষ্ট হাউজের পাশে একটি ঠিকাদারি অফিস থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ঠিকাদার শাহিনুর রহমানের অফিসে
গিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে রাস্তা সংস্কারে
অনিয়ম হচ্ছে মর্মে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হবে বলে হুমকি দেয়। এসময়
ঠিকাদার শাহিনুরের ছোটভাই মাজেদুল আলম লেন্টু ও আব্দুল জলিল টাকা দিতে
অপারগতা প্রকাশ করে। একপর্যায়ে ওই ঠিকাদারী অফিসে উপস্থিত লোকজন বিক্ষুব্ধ
হয়ে সাংবাদিক নামধারী চাঁদাবাজ টিটোকে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানার
এসআই নীরব হোসেন ও এসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত
হয়ে ওই চাঁদাবাজকে আটক করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়েরের
প্রস্ত্ততি চলছে। দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে আরিফুল আবেদীন টিটো
শহরের প্রতিষ্ঠিত ঠিকাদারী প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা ও
দুর্নীতিবাজদের সংবাদ প্রকাশ সহ বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়
করে আসছিল। এরআগে বেসরকারি টিভি চ্যানেল ওয়ানের পরিচয় দিয়েও নানা অপকর্ম ও
চাঁদা আদায় করে টিটো।
উল্লেখ্য, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের নিকট চাঁদা
দাবি করায় সংগঠনের সাধারণ সম্পাদক জাহঙ্গীর আলম সাগর বাদী হয়ে ওই
সাংবাদিকের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা মামলা দায়ের করেন। এছাড়া শেল্টার
সমাজকল্যাণ সংস্থা নামে একটি এনজিও’র নির্বাহী পরিচালক রোমেনা বেগমের কাছে
৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনিও একটি চাঁদাবাজি মামলা করেছিলেন।