বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

কোটচাঁদপুরে মানবাধিকার কমিশনের আলোচনা সভা

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহের কোটচাঁদপুরে মানবাধিকার কমিশন স্থানীয় শাখার এক সভায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচীতে পুলিশের বাঁধাদান, উপজেলায় আইন-শৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষের প্রতি হয়রানি ও নির্যাতনমূলক আচরণসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। গত ৫ নভেম্বর বিকেলে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ শরিফুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহজামান, মোঃ ইকরামুল হক, মোঃ গোলাম মোস্তফা ও এইচএম ইলিয়াস প্রমুখ। বক্তব্যে নের্তৃবৃন্দ বলেন, বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড, রাজনৈতিক সহিংসতা, মানক সেবীদের তৎপরতা, এমএলএম ব্যবসার নামে প্রতারণার ফাঁদ পেতে একটি চক্র সহজ সরল মানুষকে ক্ষতিগ্রস্থ করাসহ সাধারণ মানুষের জান-মাল-ইজ্জত-আব্রু হুমকির মুখে পড়েছে। তাই প্রশাসনকে জনগণের কথা ভেবে ন্যায়সঙ্গতভাবে যথাযথ দায়িত্ব পালনের আহবান জানানো হয়। এবং অসহায় মানুষকে হয়রানির হাত থেকে রক্ষায় দলমত নির্বিশেষে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে ও অন্যায়কে প্রতিহত করার আহবান জানানো হয়।