মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২

শৈলকুপায় হরতালের সমর্থনে মশাল মিছিল

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহের শৈলকুপা শহরে সোমবার সন্ধ্যায় সিপিবি ও বাসদের পক্ষ থেকে মঙ্গলবারের হরতালের সমর্থনে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে। হরতাল সমর্থকরা মশাল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের চৌরাস্তা মোড়ে কমরেড সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা মনির মাহমুদ, খান ইমরান, তেমজুর নেতা সুজন বিপ্লব বিশ্বাস, সিপিবি নেতা আসাদুজ্জামান বাদশা, আবু দাউদ মাস্টার ও স্বপন বাগচী।
বক্তারা বর্তমান জামায়াত-শিবিরসহ সব সাম্প্রদায়িক দল এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধসহ সব যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে শাস্তি কার্যকর করার দাবি জানান। সমাবেশে বক্তারা গার্মেন্টস সেক্টরে অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিক ও সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও শাস্তি প্রদান, কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও নায্য মজুরি নিশ্চিত, ট্রেড ইউনিয়ন অধিকারসহ গাড়িভাড়া, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতাল সফল করার আহ্বান জানান।