রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

ইভটিজিং এর দায়ে কোটচাঁদপুরে এক যুবককে গ্রেফতার

মহেশপুরনিউজ২৪:: ইভটিজিং এর দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বুধবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নেয়ার জন্য রাতভর ক্ষমতাসীন দলের স্থানীয় উচ্চ পর্যায়ের নেতারা তদবির মিশন নিয়ে থানায় হাজির হলেও শেষ রক্ষা করতে পারেনি। পুলিশ অবশেষে ইভটিজারকে চালান দিয়ে দেয় কোর্টে হাজতে। প্রকাশ, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে সলেমানপুর গ্রামের রমিজুল ইসলামের পুত্র ২ সন্তানের জনক রুমি রহমান (৩০) স্কুলের কাছেই রাস্তায় ছাত্রীটির পথরোধ করে দাড়ায় এবং তাকে জড়িয়ে ধরে তার সাথে অশালীন আচরণ করে। আকস্মিক এই ঘটনায় ছাত্রীটি ক্ষোভ, দুঃখ ও অপমানে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এ সময় তার সাথে থাকা বান্ধবীদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে ইভটিজার পালিয়ে যায়। ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রীটির মা সেলিমা বেগম ওইদিন বিকেলে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় থানায় একটি মামলা (নং-১০, তাং-২৮/১১/১২) দায়ের করেন।