মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৩

দেড় লাখ টাকা ফিরিয়ে দিতে পারে আছমার নতুন জীবন

মহেশপুরনিউজ২৪:: তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ফুটফুটে মেয়ে আছমা খাতুন (১০) জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তার জটিল অপারেশন। মাত্র দেড় লাখ টাকা ফিরিয়ে দিতে পারে তার সুস্থ জীবন।
আছমা ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের মেয়ে। সে চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।


সংসারে একমাত্র উপার্জনক্ষম তার দিনমজুর পিতা একদিন কাজ না করলে খাবার জোটেনা। পরের ক্ষেতে কাজ করে সংসার চালান তিনি। তার পক্ষে সম্ভব নয় মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বহন করা।
মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় দেড় ল‍াখ টাকার জন্য তিনি দেশের বিত্তবান মানুষদের সাহায্য কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যডভোকেট এম এ মজিদ বাংলানিউজকে জানান, আছমা পাঁচ বছর আগে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ডাঃ জালাল উদ্দীনের তত্বাবধানে চিকিৎসা নেয় এবং ২০০৭ সালে অপারেশন করা হয়। তিনি আরও জানান, চিকিৎসক ৫ বছর পর আরেকবার অপারেশনের কথা বলেন।

কিন্তু সেই ৫বছর পূর্ণ হলেও দিনমজুর পিতা আনোয়ারের পক্ষে দেড় লাখ টাকা জোগাড় করা আর সম্ভব হয়ে ওঠেনি।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আছমাকে সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান।