শনিবার, ৫ জানুয়ারি, ২০১৩

ঝিনাইদহে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় স্কুল ছাত্রের মৃত্যু



মহেশপুর নিউজ২৪:: ঝিনাইদহ পৌরসভার পবহাটি গ্রামে দুই হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় জিহাদ হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন পবহাটি গ্রামের কোরবান আলীর ছেলে। সে স্থানীয় অনির্বাণ প্রি-ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

সকালে পুলিশ এ ঘটনায় আশরাফুল আলম ও কামরুজ্জামান ওরফে বাবলু নামে দুই ব্যক্তিকে আটক করে।
মৃত স্কুল ছাত্রের পিতা কোরবান আলী বাংলানিউজকে জানান, ৩ মাস আগে তার ছেলে জ্বরে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশি হাতুড়ে চিকিৎসক হারুনর রশিদ ও কামরুজ্জামান ওরফে বাবলু তার ছেলের চিকিৎসা শুরু করে।


তিনি আরও জানান, শহরের একটি ডায়গনোষ্টিক সেন্টারে নানা পরীক্ষা-নিরীক্ষাও করা হয় তার।
এক সময় হারুনের পরামর্শে যশোরের কুইন্স হাসপাতালে নেওয়া হয় জিহাদকে।
এরপর প্রতারক হারুন ও কামরুজ্জামান জিহাদের শরীরে ক্যান্সার ধরা পড়েছে বলে প্রচার করতে থাকে এবং তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া শুরু করে।
 এভাবে জিহাদের পিতা কোরবান আলীর কাছ থেকে দুই হাতুড়ে ডাক্তার ছেলের চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

এদিকে দুই হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় কাহিল হয়ে পড়ে জিহাদ। অবশেষে সকালে মৃত্যু হয় তার।
 জিহাদের মৃত্যুর পর কথিত ডাক্তার হারুনর রশিদ পালিয়ে গেলেও পুলিশ তার ভাই আশরাফুল আলম ও অপর হাতুড়ে ডাক্তার কামরুজ্জামান ওরফে বাবলুকে আটক করে।
জিহাদের পিতা তার ছেলেকে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ করে অভিযুক্তদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাংলানউজকে জানান, মামলা না হওয়ায় একজনকে ছেড়ে দিয়ে অপরজনকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে উল্লেখ করে দায়ী হলে দুই হাতুড়ে চিকিৎসককে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।