ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ডে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় অনুপ কুমার (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের
(ইবি) ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র অনুপ কালীগঞ্জ উপজেলার তেলকুপ গ্রামের অদ্বৈত কুমারের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কালীগঞ্জের ছাত্ররা ঝিনাইদহ-যশোর সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় অনুপ নিমতলা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এসময় গান্না বাজার থেকে আসা একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে অনুপকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-যশোর সড়ক অবরোধ করেন কালীগঞ্জের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পরে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনারের অনুরোধে রাত ৮টার দিকে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নেন।
রাত ৯টার দিকে এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
জেলা ম্যজিস্ট্রেটের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার বাবা অদ্বৈত কুমারের কাছে হস্তান্তর করা হয়েছে।