বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩

চৌগাছায় মাদক ব্যবসায়ীর কব্জি কেটে নিলো প্রতিপক্ষ


মহেশপুরনিউজ২৪:: যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া সীমান্তের দৌলতপুর গ্রামে মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে আলী আকবর (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষ। 

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপড়া গ্রামের সারাফাত বেপারীর ছেলে। তাকে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্থানীয় সূত্র জানায়, হামলার শিকার আলী আকবর পুড়াপাড়া বাজারে চাতাল ব্যবসার পাশাপাশি এলাকায় মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকে।তিনি আন্দুলিয়া সীমান্ত দিয়ে মাদক সরবারহ করে দেশের ভেতর সরবারহ করতেন। 

মাদক বেচাকেনা নিয়ে আন্দুলিয়া গ্রামের শামসুল, আজাদ ও লাল্টুর সঙ্গে দ্বন্দ্ব ছিল। বুধবার বিকেলে আলী আকবর আন্দুলিয়া সীমান্তের দৌলতপুরে গেলে শামসুলের সঙ্গে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে শামসুলের নেতৃত্বে ৩ থেকে ৪ জন হামলা চালায়। এতে দায়ের আঘাতে আলী আকবরের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলী আকবর দাবি করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে শামসুলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।এতে তার ছেলে পাভেল ও আহত হয়েছেন। 

এদিকে, চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান ও দৌলতপুর গ্রামের বাসিন্দা তোতা মিয়া বলেন, “শুনেছি শামসুলের নেতৃত্বে হামলা চালিয়ে আলী আকবরের হাতের কব্জি কেটে দেওয়া হয়েছে। তবে, কি নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল সেটা জানা নেই।”

একপ্রশ্নের জবাবে তিনি বলেন, “মাদকের ক্রয় বিক্রয়ের টাকা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটতে পারে।”