মহেশপুরনিউজ২৪:: যশোরের আলোচিত ছাত্রলীগ নেতা রিপন হোসেন দাদা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন রিপনের বাবা শহিদুল ইসলাম। রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ বিচার দাবি করেন।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, ২০১০ সালের ১৪ মার্চ সন্ধ্যায় সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সদস্য রিপন হোসেন দাদা নৃশংসভাবে খুন হন।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, ২০১০ সালের ১৪ মার্চ সন্ধ্যায় সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সদস্য রিপন হোসেন দাদা নৃশংসভাবে খুন হন।
এ ঘটনায় তিনি হত্যা পরিকল্পনাকারী ও হত্যাকারীদের নাম ঠিকানা উল্লেখ করে থানায় মামলা করেন।
রিপনের বাবা অভিযোগ করেন, ইতোমধ্যে হত্যাকাণ্ডের ৩ বছরেরও বেশি সময় পার হয়েছে। গত ২৯ মে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি ইকবাল হোসেনকে আটক করে পুলিশ। আটক ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। কিন্তু এরপরও সব আসামি বা হত্যা পরিকল্পনাকারীদের আটক করছে না পুলিশ। বরং আসামি ও তার পরিবারের সদস্যদের অব্যাহত হুমকির মুখে রয়েছে নিহত রিপনের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম রিপন হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপনের দাদা আব্দুল খালেক, মা ফুলজান বেগম, বড় ভাই সোহেল রানা, চাচা রবিউল ইসলাম, প্রাক্তন মেম্বর ইসমাঈল হোসেন প্রমুখ।
