বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

খালেদা জিয়া ও মির্জা ফখরুলের শোক

মহেশপুর: সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন বলেন, “মরহুম শহিদুল ইসলাম মাষ্টার ৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম এবং পরবর্তী সময়ে আরো কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এলাকায় একজন জনপ্রিয়
রাজনীতিবিদ ও শিক্ষাবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম শহিদুল ইসলাম মাষ্টার এলাকার নেতাকর্মীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিয়ে দলকে শক্তিশালী ও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম শহিদুল ইসলাম মাষ্টার তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন তা দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি শহিদুল ইসলাম মাষ্টারের রুহের মাগফিরাত কামনা করে শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।